আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো তেমনভাবে প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে ব্যাপক প্রচারণা চালাবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের পরিস্থিতি কখনোই পুরোপুরি ভালো ছিল না, তবে আগের তুলনায় এখন অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এটিকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি আরও ভালো হবে।
মক ভোটিং আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে নাসির উদ্দিন বলেন, গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার বাস্তব প্রক্রিয়া দেখেনি। তাই ভোটের পরিবেশ, প্রক্রিয়া এবং দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে—এসব যাচাইয়ের অংশ হিসেবে এ মক ভোটিং করা হচ্ছে।


