বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল নয়—এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও যুক্তরাষ্ট্রের জন হপকিনস এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তার চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন।”
তিনি জানান, শুক্রবার রাতে মেডিকেল বোর্ড বৈঠক করেছে এবং খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সব চিকিৎসকের মতামত নেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে। তবে এখনই সে অবস্থায় নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি আবার বিবেচনা করা হবে।”
তিনি আরও জানান, বিদেশে নেওয়ার প্রস্তুতিমূলক কাজ—যেমন ভিসা, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা—ইতোমধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে। “যদি ফ্লাই করার মতো অবস্থা হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে,” বলেন তিনি।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।


