বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আহমেদ আযম খান বলেন, “খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। অত্যন্ত ডিপ কন্ডিশনে আছেন তিনি। এর বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না—আপনারা এটাকে ভেন্টিলেশন বা খুব গভীর সংকটাপন্ন অবস্থা হিসেবেই ধরে নিতে পারেন।”
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে সোমবার সকালে গুলশানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি বলেন, “দেশী-বিদেশী চিকিৎসকরা যৌথভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
এ সময় দেশের মানুষের দোয়া ও প্রার্থনার কথা উল্লেখ করে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সর্বশেষ অবস্থা সম্পর্কে পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফিং দেবেন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।


