বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া নানা খবরের প্রেক্ষিতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। গণমাধ্যমে যেসব বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে—সেগুলো সঠিক নয়। কেউ বিভ্রান্ত হবেন না।”
একই সঙ্গে বিএনপি মহাসচিব দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এভারকেয়ার হাসপাতালের আইসিইউতেই আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। যা-ই বলা হোক, এ ব্যাপারে কারও কথায় বিভ্রান্ত হবেন না।”
বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “তাদের কাছ থেকে যতটুকু জেনেছি—ম্যাডামের চিকিৎসা নিয়মিতভাবে চলছে। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথাসময়ে জানানো হবে।


