28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

দেশে এমন কোনো হৃদয় নেই যে খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরায়নি : আলাল

advertisment
- Advertisement -spot_img

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশই ব্যথিত— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, “বাংলাদেশে এমন কোনো হৃদয় নেই, যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি, হাত তুলে প্রার্থনা করা হয়নি।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে যেন গোটা দেশের বাতাসও আজ কাঁদছে। দেশের বাইরে থাকা বাংলাদেশিরাও তার জন্য দোয়া করছেন। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি তার এই অবস্থায় মর্মাহত নন।”

তিনি বলেন, এই ভদ্রমহিলা নিজের স্বামী ও সন্তানদের হারিয়েছেন। বহু বছর ধরে আরেক পুত্র, পুত্রবধূ ও নাতনিদের থেকেও বিচ্ছিন্ন। বাংলাদেশের মানুষকেই তিনি নিজের পরিবার মনে করেন— পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে ধারণ করে রেখেছেন।

গভীর আবেগ জানিয়ে আলাল আরও বলেন, “এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকাকালীন আমি আমার নিজের মায়ের মৃত্যুসংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি, যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।”

তিনি আবেগঘন কণ্ঠে দোয়া করে বলেন, “হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। আপনি শেফা দান করুন। বাংলাদেশের মানুষের কল্যাণের স্বপ্ন পূরণের জন্য তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনার চেয়ে বড় চিকিৎসক কেউ নেই।”

তিনি জানান, দোয়া মাহফিলে প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়েছেন। “আমাদের অশ্রুর মূল্য দিন, হে আল্লাহ। আমাদের মাকে বাঁচিয়ে দিন। আমাদের দোয়া কবুল করুন,”— বলেন আলাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ