28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

নির্বাচনের দিনেই গণভোটে সম্মতি সমমনা আট দলের — মাওলানা আব্দুল হালিম

advertisment
- Advertisement -spot_img

দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত সমমনা আট দল। মঙ্গলবার (২ নভেম্বর) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের জারি করা আদেশকে বৈধতা দিতে গণভোট অপরিহার্য। যদিও ৮ দল গণভোট আলাদা দিনে করার প্রস্তাব দিয়েছিল, তবে দেশের সার্বিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে গণভোটে তারা রাজি হয়েছে। তার ভাষায়, “গণভোট হলে জনগণ হ্যাঁ-এর পক্ষেই রায় দেবে— আমরা সম্পূর্ণ আশাবাদী।”

জাতীয় পার্টিকে দায়ী করলেন হালিম

মাওলানা হালিম অভিযোগ করেন, জাতীয় পার্টির ‘তোষামোদী ও আপসকামী’ ভূমিকার কারণেই শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের অগণতান্ত্রিক নির্বাচনে জনগণের ম্যান্ডেট ব্যাহত করার পেছনেও জাতীয় পার্টির বড় ভূমিকা রয়েছে।
তার দাবি, আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিও এখন জনগণের মধ্যে জোরদার হয়েছে।

সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগমের আশা

রংপুরের বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তরিকতা ও মনোযোগ দিয়ে নেতারা কাজ করছেন। কয়েক লাখ মানুষের সমাগমে সমাবেশটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারকে নতুন বার্তা দিতেই এই আয়োজন— বলেও জানান তিনি।

আগামীকাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত থাকবেন ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার সুস্থতা কামনা

খালেদা জিয়ার রোগমুক্তির বিষয়ে তিনি বলেন, দল-মত নির্বিশেষে দেশবাসী প্রার্থনা করছেন, যা জাতিগত ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক। তিনি আরও বলেন, “আমরা এমন ঐক্য চাই— যেখানে দেশের উন্নয়নই হবে মূল লক্ষ্য।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য প্রার্থীরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ