বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পচনধরা বর্তমান সমাজব্যবস্থা আর চলতে পারে না, এটি পরিবর্তন করতেই হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে অন্ধকারে না রেখে স্বচ্ছতার সঙ্গে সমাজ সংস্কারের কাজ করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রোকেয়া সরণিতে মেহফিল কনভেনশন হলে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জামায়াত আমির। ঢাকা–১৫ আসন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় মহানগর জামায়াতের নেতৃবৃন্দ ও চিকিৎসা–সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা পরিবর্তন চাই, সমাজকে নতুনভাবে সাজাতে চাই। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণকে সঙ্গে নিয়ে, স্পষ্ট আলোয় দাঁড়িয়েই আমরা কাজ করব। কোনো সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া নেওয়া হবে না।”
যুবকদের প্রত্যাশা পূরণ, দেশকে মর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়া এবং ইনসাফভিত্তিক মানবিক সমাজ গঠনের জন্য দোয়া কামনা করেন তিনি।
ওষুধ কম্পানিগুলোর সুবিধা ও প্রলোভনে কিছু চিকিৎসকের নৈতিকতা ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করে জামায়াত আমির বলেন, একজন চিকিৎসকের হালাল উপার্জনের যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু গাড়ি, ফ্ল্যাট, বিদেশ ভ্রমণের স্পন্সরসহ নানা সুবিধার লোভে অনেক চিকিৎসক নৈতিকতা বিসর্জন দিচ্ছেন, যা ধর্মীয়ভাবে “হারাম” ও ভয়াবহ অনৈতিক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি হালাল–হারাম যতটুকু বুঝি, বলতে পারি—এইসব সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। আগুন দিয়ে পেট ভরলে তা কার উপকারে আসবে?”
চিকিৎসকদের প্রতি নৈতিকতা ও পেশাগত আদর্শে অটল থাকার আহ্বান জানান জামায়াত আমির।


