রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে তফসিল ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের জন্য নিজেদের উপস্থাপনের সুযোগ তৈরি করা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব।
বুধবার (০৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল নিয়ে এখনও সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করা উচিত। কিন্তু ইসি এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি। তাই রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রেখে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি।
তিনি আরও বলেন, তফসিল এমন সময়ে ঘোষণা করা প্রয়োজন, যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে এবং সব দল সমানভাবে নিজেদের রাজনৈতিকভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে।
এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোটে শুধুমাত্র একটি প্রশ্ন থাকলে ভালো হতো—জুলাই সনদ বাস্তবায়নে রাজি কি না। এখন অনেকগুলো প্রশ্ন থাকায় বিষয়টি জটিল হয়ে গেছে। শুধু মন্ত্রণালয় নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে গণভোট নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
অন্যদিকে, নাসিরউদ্দীন পাটোয়ারি গণতন্ত্রের জন্য লড়াই করা নেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের আবেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের প্রতি সম্মান জানানো উচিত। বেগম জিয়ার প্রতি আবেগ শুধু বিএনপির নয়, দেশের অধিকাংশ মানুষের মধ্যেই তা বিদ্যমান।


