বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে বেগম খালেদা জিয়া সম্মানিত। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা তার চিকিৎসার খবর নিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন এবং চিকিৎসক পাঠাচ্ছেন। বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে, তাতে আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদা দিয়েছে, এজন্য আমরা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক।
এ্যানি বলেন, ভোটের জন্য ঘরে ঘরে যেতে দল আমাদের নির্দেশ দিয়েছে। এবারের নির্বাচন আগের মতো নয়—এটি এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন।
তিনি অভিযোগ করে বলেন, একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে—এটি ষড়যন্ত্র, নীলনকশা। মা-বোনদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নেওয়া হচ্ছে, এটি গভীর ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে বলতে চাই—কারা এই আইডি কার্ড নিচ্ছে, কারা ফটোকপি নিচ্ছে—তা তদন্ত করে বের করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।


