28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

advertisment
- Advertisement -spot_img

ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,
“২০০ আসনে এককভাবে বিজয়ী হলেও দেশের স্বার্থ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জামায়াত জাতীয় সরকারই গঠন করবে।”

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বৈঠকে ইইউ প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট, সবার নিরাপত্তা, নির্বাচনী ইশতেহার এবং নির্বাচন-পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে জামায়াত আমির তাদের আশ্বস্ত করে বলেন, ক্ষমতায় গেলে তার দল ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গড়ে তুলবে।

তিনি বলেন,
“আমরা কোনো রাজনৈতিক শক্তিকে বাদ দেব না। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত এবং দুর্নীতি রোধে আগামী পাঁচ বছর জাতীয় সরকার প্রয়োজন।”

জাতীয় সরকারে যুক্ত হওয়ার জন্য দুটি শর্তও তুলে ধরেন তিনি—
১. কেউ দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না।
২. সবার জন্য সমান বিচার নিশ্চিত হবে এবং বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন প্রসঙ্গে তিনি বলেন,
“দেশে ভোটারদের সচেতনতা এখনো পর্যাপ্ত নয়; একই দিনে দুটি ভোটগ্রহণ হলে উভয় প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।”
তাই তিনি দুটি নির্বাচন আলাদা করার পরামর্শ দেন।

ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন,
“আমরা মনে করি নির্বাচন নির্ধারিত সময়েই—ফেব্রুয়ারিতেই—হওয়া উচিত।”

সংখ্যানুপাতিক (পিআর) ভোটব্যবস্থার প্রতি দলের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি জানান, জনগণের স্বার্থেই এই পদ্ধতির দাবি জানানো হয়েছে এবং ক্ষমতায় এলেও পিআর ভোটব্যবস্থা বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

রাজনীতিতে ধর্ম ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
“ধর্ম আমাদের চিন্তা ও চেতনার অংশ, ব্যবহার করার উপকরণ নয়। আমরা ধর্মকে কাজে লাগাই না; যারা নির্বাচন এলে টুপি-তসবিহ নিয়ে হাজির হন, তারাই ধর্মকে ব্যবহার করেন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ