বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে মানুষকে হেনস্তার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১০ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। মতবিরোধ থাকলেও ঘৃণা নয়, যুক্তি ও শালীনতার মাধ্যমে সমাজ গড়ে তোলা জরুরি। বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় ধারণ করেও অশালীন আচরণে লিপ্ত হন, তা সমাজের মূল্যবোধের ওপর বড় আঘাত বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ইসলামে কটূক্তি, গালাগালি বা অভিশাপের কোনো স্থান নেই। তিরমিজির হাদিস উল্লেখ করে তিনি বলেন, “মুমিন কখনো কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না।” পবিত্র কুরআনেও আল্লাহ তাআ’লা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে এবং কাউকে উপহাস না করতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবিলা করাই একজন প্রকৃত মুসলিম ও সচেতন নাগরিকের দায়িত্ব। গালিগালাজ, চরিত্রহনন বা ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
স্ট্যাটাসে তিনি সবাইকে আহ্বান জানান অনলাইনেও ঈমান, নৈতিকতা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষার জন্য। “কারণ প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে। ঘৃণা নয়, যুক্তি ও শালীনতা দিয়ে সমাজ গড়ি,”—উল্লেখ করেন তিনি।


