27.6 C
Dhaka
Saturday, June 13, 2026

জামায়াতের প্রার্থী হওয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন: কৃষ্ণ নন্দীর অভিযোগ

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামীর খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনের মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী দাবি করেছেন, ভারতভিত্তিক ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির নেতা শিপন কুমার বসুর কাছ থেকে তিনি জীবননাশের হুমকি ও অশ্রাব্য গালাগালি পাচ্ছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জামায়াতে ইসলামীর সনাতন শাখার ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণ নন্দী বলেন,
“শিপন বসু একজন ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার নম্বর সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আমার নামে ভুয়া ছবি তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিচ্ছে। সে প্রশ্ন করছে— আমি হিন্দু হয়েও কেন জামায়াতে যোগ দিলাম।”

তিনি অভিযোগ করেন, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে এলাকায় জনপ্রিয়তা বাড়ায় একটি বিশেষ মহল ষড়যন্ত্রে নেমেছে।
“আমার ইমেজ ও জনপ্রিয়তা নষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ছড়ানো হচ্ছে। এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করছি।”

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন,
“জামায়াতে প্রার্থী মনোনয়নই প্রমাণ করে দলটি অসাম্প্রদায়িক। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান— কারও প্রতি ভেদাভেদ নেই। আমাকে প্রার্থী করায় সারাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।”

তিনি জানান, আগে খুলনা-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। প্রার্থী পরিবর্তনের পরও তিনি কৃষ্ণ নন্দীর পাশে আছেন এবং একসঙ্গে প্রচারণায় কাজ করছেন।
“আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই,” বলেন তিনি।

কৃষ্ণ নন্দী আশা প্রকাশ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ব্যাপক জনসমর্থনের ভিত্তিতে তিনি জয়ী হবেন এবং বিজয়ী হলে দাকোপ–বটিয়াঘাটা অঞ্চলের উন্নয়নে সংসদে কার্যকর ভূমিকা রাখবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ডুমুরিয়া উপজেলা সনাতন কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডল, জলমা ইউনিয়ন সভাপতি বাদল রায় এবং জামায়াতে ইসলামীর বটিয়াঘাটা উপজেলা আমির মোহাম্মদ শেখ আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষ্ণ নন্দীর হাতে অ্যালকোহলের বোতল ও পাশে নারী থাকা কয়েকটি ছবি ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় নানা আলোচনা–সমালোচনা দেখা গেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ