শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বিএনপিকে ঠেকাতে মানুষকে উসকানি দিতে এক শ্রেণির বুদ্ধিজীবী দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এক শ্রেণির লোক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বুদ্ধিজীবী দাবি করেন, কিন্তু দেশ কীভাবে এগোবে সে বিষয়ে তারা কোনো কথা বলেন না। বিএনপি ঠেকাতে কিছু বুদ্ধিজীবী মাঠে নেমেছে; তারা দলদাসের ভূমিকা পালন করছে, মানুষকে উসকানি দিচ্ছে এবং ভাষণ-বক্তব্য দিয়ে বেড়াচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার যে ক্ষতি, তা আজও আমরা কাটিয়ে উঠতে পারিনি। যে চক্রান্ত শুরু হয়েছে, তাতে দেশ ঘুরে দাঁড়াবে—এই সম্ভাবনা দিন দিন কঠিন হয়ে উঠছে।
বিএনপির এই নেতা আরও বলেন, যারা গুলি করার কাজ করে, তারা একটি চিহ্নিত দল। এই দলটি কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তারা বলছে, আগামী নির্বাচনে ৫৪ বছরের প্রতিশোধ নেবে। কার বিরুদ্ধে, কিসের প্রতিশোধ নেবে—মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের বিরুদ্ধে, নাকি নতুন প্রজন্মের বিরুদ্ধে?
তিনি বলেন, বিএনপি সব ধরনের হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চায়। তবে যারা এসব হত্যাকাণ্ড ঘটাবে, বিএনপি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।


