28 C
Dhaka
Saturday, June 13, 2026

আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক নির্বাচন করব: রুমিন ফারহানা

advertisment
- Advertisement -spot_img

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তিনি যা বলেন তা-ই করেন এবং তার এলাকার মানুষের সিদ্ধান্তই তার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। জনগণের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন।

সভায় তিনি আরও বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটি এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে তার ভূমিকা সম্পর্কে মানুষ অবগত। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই তিনি রাজনীতিতে এসেছেন। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করা সম্ভব।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সরকার এখন দাবি করছে, ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা সেই কথায় বিশ্বাস রাখতে চাই।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এই আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ