ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য দেশীয় পর্যবেক্ষক মোতায়েনের আবেদন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগে নির্ধারিত ২১ ডিসেম্বরের পরিবর্তে এখন নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলো আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।
রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১ (ক) ধারা অনুযায়ী তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করার কথা থাকলেও বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে।
আবেদনে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক অনুযায়ী নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন জমা দিতে হবে।
অনুমতি পাওয়ার পর পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। এসব সংগ্রহের সময় এইচএসসি বা সমমানের সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।


