শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে শহীদ শরিফ ওসমান হাদির গ্রাফিতি উন্মোচন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে এবং এ হত্যার বিচার না হলে আমরা ধরে নেবো, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত।’
গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, হল সংসদের ভিপি আজিজুল হকসহ আরও অনেকে।
সাদিক কায়েম বলেন, ‘ওসমান হাদি বলে গিয়েছিলেন— “জান দেবো কিন্তু জুলাই দেবো না।” তিনি তার কথা রেখেছেন। ওসমান হাদির ওপর হামলার ১৬ দিন পার হয়েছে, কিন্তু সরকার এখনো তার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি, হামলার পাঁচ ঘণ্টার মধ্যেই খুনি ভারতে পালিয়ে গেছে। দেশের এত ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দিয়ে সে কীভাবে চলে গেল? এত দিন পার হলেও সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।’
ডাকসু ভিপি বলেন, ‘বাংলাদেশে আর কোনো দিল্লির তাবেদারি চলবে না, ফ্যাসিবাদের জায়গা হবে না। ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে, ইনশাআল্লাহ। যারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের সবাইকে আমরা দেখে নেবো। আমরা কথা দিচ্ছি, শহীদ ওসমান হাদির বিচার এই বাংলাদেশেই হবে। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ওসমান হাদির লড়াই ছিল ইনসাফের লড়াই, জুলাই বিপ্লবকে পূর্ণতা দেওয়ার লড়াই এবং আধিপত্যবাদবিরোধী লড়াই। এই লড়াই একটি দীর্ঘ লড়াই। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।’


