ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের বিষয়টি তারা বিবেচনায় রাখছেন। একই সঙ্গে তিনি এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের তথ্যও প্রকাশ করেছেন। জামায়াত আমিরের দাবি, ওই ভারতীয় কূটনীতিকই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন। সে কারণেই বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি।
বুধবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে, তাদের সঙ্গে ভারতের যোগাযোগের পরিধি সম্প্রতি বেড়েছে। এমন প্রেক্ষাপটে জামায়াত আমির নিশ্চিত করেছেন, চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল। যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেছেন, তবে ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকের বিষয়টি গোপন রাখার অনুরোধ জানান।
ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,
“আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
এ বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা জামায়াত আমিরের সঙ্গে কোনো কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।
পাকিস্তানের সঙ্গে ‘ঐতিহাসিক’ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন,
“আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আমরা আগ্রহী নই। বরং আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই।”
সূত্র: রয়টার্স


