26.9 C
Dhaka
Wednesday, June 10, 2026

জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

দেশের ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “১৭ বছর পর তারেক রহমান দেশে এসেছেন একেবারে কঠিন এক সময়ে। তার কাছে সবাই প্রত্যাশা করছে। জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে—একটি উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আশায়।”

শনিবার (১০ জানুয়ারি) সকালে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিক নেতাদের উদ্দেশে মন খুলে কথা বলার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মির্জা ফখরুল বলেন, “ইতোমধ্যে দূর থেকে তিনি (তারেক রহমান) ডিজিটালি যে বক্তব্যগুলো দিয়েছেন—দল ও জাতির সামনে—তাতে গোটা জাতি আজ অনেক বেশি আশান্বিত হয়েছে। আমরা আশান্বিত হয়েছি এজন্যই যে, এবার সত্যিকার অর্থেই একটি উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “আজ আমি কথা বলতে আসিনি। আজ আমাদের চেয়ারম্যান তারেক রহমানই কথা বলবেন, আমরা তা শুনব। যদিও ঠান্ডা লাগার কারণে তার কণ্ঠে কিছুটা সমস্যা রয়েছে, তারপরও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত আগ্রহী।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ