ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, “ইসলামের পক্ষের ও ইনসাফের যে বাক্সটির প্রতি দেশের মানুষের অধীর আগ্রহ ছিল, সেটি ছিনতাই হয়ে গেছে। এখন সেই বাক্সে কেবল প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার বিষয়গুলোই অবশিষ্ট রয়েছে।”
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পশু হাসপাতাল মোড়ে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় চরমোনাই পীর বলেন, নির্বাচনে অনেক দল অংশ নিলেও কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের নীতি ও আদর্শের আলোকে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচনে হাতপাখা প্রতীক নির্বাচিত হতে পারলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি নূরে আলম সিদ্দিকী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় বক্তব্য রাখেন।


