28.4 C
Dhaka
Wednesday, June 10, 2026

ভোট সংশ্লিষ্ট কারও পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ

advertisment
- Advertisement -spot_img

সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে ভোট সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার পরিণতি খুব খারাপ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। “সবকিছু খোলামেলাভাবে করতে হবে, কোনো লুকোছাপা চলবে না। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে রয়েছে এবং থাকবে। আমাদের পছন্দ-অপছন্দ কেবল ব্যক্তি নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে—এর বাইরে নয়।”

তিনি বলেন, “আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, তখন শতভাগ দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল, বড় দল, হেভিওয়েট বা লাইটওয়েট প্রার্থী নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে।”

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্দেশনার পরও কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব প্রমাণিত হয়, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি আতিথেয়তা গ্রহণ করতে পারবেন না।

অপতথ্য ও গুজব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, “দ্রুত সত্য তথ্য গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিতে হবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, অপতথ্য ও গুজবের প্রবণতা তত বাড়বে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে। “আপনারা দৃঢ় থাকলে কেউ সুযোগ নিতে পারবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করেই দায়িত্ব পালন করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। এ সময় পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ