বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে। বঙ্গভবন সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং স্পিকার সময় দিলে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে।
এদিকে, সম্ভাব্য এই পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ (শুক্রবার) দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুজবে বিশ্বাস করা উচিত নয় এবং আনুষ্ঠানিক তথ্যের জন্য অপেক্ষা করা প্রয়োজন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তাঁর বর্তমান মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত নির্ধারিত।
📌 সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেটের জন্য যুক্ত থাকুন।


