35.8 C
Dhaka
Thursday, June 11, 2026

আশুলিয়ায় অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ

advertisment
- Advertisement -spot_img

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি এবং শ্রমিকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপের বেক নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে আশেপাশের অন্যান্য কারখানাগুলোর সামনে বিক্ষোভ শুরু করলে ওই অঞ্চলের বেশ কয়েকটি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

শ্রমিক অসন্তোষের জেরে আজও ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের কাঠগড়া অঞ্চলে অন্তত ২০ থেকে ২৫ টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশের একটি সূত্র জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের অন্যান্য এলাকাগুলোতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও কাঠগড়ায় গতকালের মত আজও অস্থিরতা শুরু হয়।

বিশেষ করে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি এবং শ্রমিকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপের বেক নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা আশেপাশের অন্যান্য কারখানাগুলোর সামনে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ ও হৈচৈ শুরু করলে ওই অঞ্চলের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

পরবর্তীতে মন্ডল নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরাও সড়কে নেমে এসে তাদের দুই শ্রমিককে আটকে রেখে মারধরের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পর্যায়ক্রমে আশেপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতির আরও অবনতি হয়।

লুসাকা গ্রুপের একজন শ্রমিক বলেন, “সকালে আমি কারখানার সামনে গিয়েছিলাম। পরে শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে এবং শ্রমিকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার চেয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে শ্রমিকদের সড়িয়ে দেয়। পরে মন্ডলের শ্রমিকরাও আন্দোলন শুরু করে এবং আশেপাশের কারখানা গুলোতে গিয়ে শ্রমিকদের বের করে নিয়ে আসে।

বেলা সাড়ে ১২টা নাগাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া, পুকুর পাড়সহ এর আশেপাশের এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছিল।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলমের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ