১০ কোটি টাকার চাঁদা দাবি ও জমি দখলের একটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এমপি দবিরুল ইসলামকে হাজির করে পুলিশ। এ সময় ওই আদালতের বিচারক রহিমা খাতুন সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী জয়নাল আবেদিন।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রামনাথহাট বাজার এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এমপি দবিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম।
মামলার বাদী পক্ষের আইনজীবী জয়নাল আবেদিন বলেন, গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীকে আসামি করা হয়।


