মুম্বাই পুলিশের নজর এখন ভারতের মহারাষ্ট্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের দিকে। এ ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা দাবি করেছে যে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। যদিও পুলিশ এখনও তাদের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি, এবং গ্যাংটি আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করেনি।
এই ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন উত্তরপ্রদেশ থেকে এবং অন্যজন হরিয়ানা থেকে। তবে তৃতীয় সন্দেহভাজন এখনও পলাতক, এবং পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।
প্রতিবেদন অনুযায়ী, বাবা সিদ্দিকির হত্যার পরিকল্পনা মাসখানেক আগে থেকেই করা হয়েছিল, এবং গত ২৫-৩০ দিন ধরে হত্যাকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। শনিবার রাতে বান্দ্রা ওয়েস্টে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, তার বুকে চারটি গুলি লাগে।
বাবা সিদ্দিকি বিনোদন জগতে প্রভাবশালী ছিলেন এবং বলিউডের তারকা শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। বলা হয়, তাদের মধ্যে বিরোধ মেটাতেও তিনি ভূমিকা রেখেছিলেন। এর আগে, লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিল, কারণ বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে, যার শিকারি মামলায় সালমান অভিযুক্ত ছিলেন।
বাবা সিদ্দিকি মহারাষ্ট্রের বান্দ্রা পশ্চিম এলাকা থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৪-২০০৮ সাল পর্যন্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তবে সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছিলেন।


