ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন অবশ্যই আগামী ২৩ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে। আজ রবিবার (১৩ অক্টোবর) এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুসারে, ২৩ অক্টোবর থেকে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির কাজ শুরু হবে। তাঁবু বরাদ্দের ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি মানা হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ না করলে কাঙ্ক্ষিত জোনে তাঁবু পাওয়া নাও যেতে পারে।
তাঁবু ও অন্যান্য সেবা সংস্থার সঙ্গে চুক্তি করতে দেরি হলে হজযাত্রীদের জামারাহ থেকে দূরে, পাহাড়ি অঞ্চল বা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হতে পারে। এতে করে প্রখর রোদে দীর্ঘ পথ হাঁটার কষ্ট পোহাতে হবে, যা হজযাত্রীদের জন্য খুবই দুরূহ হয়ে উঠবে।
এই সব বিবেচনায়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য ২৩ অক্টোবরের মধ্যে প্রাথমিক নিবন্ধন শেষ করতে এবং তিন লাখ টাকা ব্যাংকে জমা দিতে ধর্ম মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে।


