বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট একাধিক হত্যা মামলার আসামি ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান (জিএস মিজান) কুয়াকাটার মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
মিজান সাভার পৌর এলাকার তলবাগ মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। আত্মসমর্পণের সময় তিনি জানিয়েছেন, গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ কুয়াকাটায় তার বন্ধু, সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নিউটনের সঙ্গে ছিলেন। নিউটন কুয়াকাটা ত্যাগ করার পর তিনি থানায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মিজান কুয়াকাটা সৈকতে ভ্রমণ করতে এসে নিরাপদ মনে না করে থানায় আত্মসমর্পণ করেন। পরে জানা যায়, তিনি সাভার থানায় থাকা প্রায় সাতটি মামলার আসামি, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাভার থানার সঙ্গে যোগাযোগ করে তাকে সেখানে হস্তান্তর করা হবে।
সাভার মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ আশিক ইকবাল জানান, হত্যা মামলার আসামি মিজানুর রহমান মিজান মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন এবং সাভার মডেল থানার একটি টিম তাকে নেওয়ার জন্য মহিপুর থানায় যাচ্ছে।


