33.5 C
Dhaka
Friday, June 12, 2026

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের যুক্তিসঙ্গত মুনাফার আহ্বান

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের যুক্তিসঙ্গত লাভ অর্জনের জন্য আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ এবং আলুর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন হাফিজুর রহমান।

এ সময়, তিনি ভোক্তাদের জন্য নিত্যপণ্যের দাম সহনীয় রাখার জন্য সরবরাহ ব্যবস্থায় পণ্য হস্তান্তরের পরিমাণ কমানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

তিনি বলেন, “বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু পণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে। তবে বর্তমানে দ্রব্যমূল্য অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের জন্য চাপ সৃষ্টি করেছে। আমরা শুনেছি সরবরাহ ব্যবস্থায় পণ্য হস্তান্তরের বিভিন্ন ধাপ রয়েছে। অনাবশ্যক হস্তান্তল কমিয়ে ব্যবসায়ী সম্প্রদায়কে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহে একসঙ্গে কাজ করতে হবে।”

এছাড়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বাজারে ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে এবং সরবরাহ সংকটও হ্রাস পাচ্ছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, বিভিন্ন বাজার সমিতির নেতারা, বাজার বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং বাজারে ডিম, মুরগি, পেঁয়াজ, আলুসহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উম্মে বিনতে সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শ্যামবাজার কৃষি পণ্য আড়ত বণিক সমিতির সহ-সভাপতি হাজী মো. মাজেদ, এবং কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ