শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
ওবায়দুল কাদের ও ড. হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে তাদের সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে যদি আপনারা এমন তথ্য জানতে পারেন, তাহলে আমাদের সহায়তা করতে পারেন, এবং এ ক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে।”
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের অনুরোধ করেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পলাতকদের তথ্য বের করার চেষ্টা করুন।
যে কোনো হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। নিরীহ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।”
পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “৫ আগস্টের পর পুলিশের যে পরিস্থিতি হয়েছে, সেখান থেকে কিছুটা উন্নতি ঘটেছে। তাদের মধ্যে একটি ট্রমা কাজ করেছে। আমি কিছুই নিশ্চিত করতে পারি না যে এটা দু-চার দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আরও কিছু সময় দিতে হবে।”
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “কেবল কৃষি যান্ত্রিকীকরণেই নয়, সারের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা এ ব্যাপারে তদন্ত করছি এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইতিমধ্যে দু-একজনকে কারাগারে পাঠানো হয়েছে।”
শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সংবাদমাধ্যমে বিস্তারিত বলেছেন। ভারতের সঙ্গে এ সংক্রান্ত আমাদের একটি চুক্তি রয়েছে, এবং আমরা অবশ্যই এ চুক্তির প্রতি গুরুত্ব দেব।”


