কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আপনি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন, যা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে। এ কারণে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৩ অক্টোবরের মধ্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে হবে।’
এ বিষয়ে দেলোয়ার হোসেন মন্তব্য করেছেন, ‘নোটিশ পেয়েছি এবং যথাসময়ে উপস্থিত হয়ে উত্তর দেব।’
উল্লেখ্য, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ১০ ভবনের টেন্ডার একাই কম দামে নেন। এই নিয়ে শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।


