32.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

যখন তারা ডেকেছে গিয়েছি, এটা তো রুটি-রুজির জায়গা

advertisment
- Advertisement -spot_img

আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব তারকা সমালোচনার শিকার হয়েছেন, তাদের মধ্যে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অন্যতম। সম্প্রতি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে হাসির পাত্র হিসেবে পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।

নুসরাত ফারিয়া সমালোচনা লক্ষ্য করলেও তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি। রাজনৈতিক অস্থিরতার পরে বেশ কিছুদিন বিদেশে কাটিয়েছেন। তবে এবার তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

সম্প্রতি দেশে ফিরে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল এবং সমালোচনার বিষয়ে নিজের মতামত জানিয়ে তিনি বলেন, “সমালোচনা চোখে পড়েছে এবং খারাপও লেগেছে। কিন্তু আমি কাকে কী বলবো? আমার ক্যারিয়ার ১২ বছরের। শুরু থেকেই আমি আওয়ামী লীগ সরকারের অধীনে কাজ করেছি। তারা যেকোনো কাজের জন্য ডাকলে সাড়া দিয়েছি। আমি এখানে সময় কাটানোর জন্য আসিনি; এটা আমার জীবিকার জায়গা। কাজের প্রস্তাব পেলে কাজ করব, এটাই তো নিয়ম। কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক মনে করে দূরে ঠেলে দেয়, আমি কী করতে পারি?”

তিনি আরও জানান, “আমরা শিল্পী, আমাদের কাজ মানুষের বিনোদন দেওয়া। সেটাই আমি করে এসেছি। কখনো কাউকে অন্ধ সমর্থন দিইনি। যদি তা করতাম, আমার মধ্যে সংকীর্ণতা থাকত, তবে দেশেই ফিরে আসতাম না। নতুন সরকার যদি তাদের কাজে ডাক দেয়, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ হলো দলের দ্বন্দ্বে জড়ানো নয়, বরং নিজের অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া।”

রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, “আমি রাজনীতির মানুষ নই, তাই এ বিষয়ে সঠিক মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবে দেশের ছাত্র-জনতা পরিবর্তনের জন্য চেয়েছিল। একজন নাগরিক হিসেবে আশা করি, যা ঘটেছে তা মঙ্গলের জন্য হবে। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি বিনোদনও যেন পুনরুদ্ধার হয়, সেদিকে বর্তমান সরকার নজর দেবে।”

ফারিয়াকে শেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়, যা টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়াও ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে তার নাচে মুগ্ধ হয়েছে দর্শক।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ