31.5 C
Dhaka
Friday, June 12, 2026

জনতার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য মিলছে ন্যায্য মূল্যে

advertisment
- Advertisement -spot_img

জনতার বাজার—এটি নাটোরের একটি নতুন বাজার, যেখানে ন্যায্যমূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন পণ্য। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তার হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নাটোরের ‘স্বার্থ রক্ষা কমিটি’। শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে এই বাজারটি চালু হয়েছে।

কোমিটির সদস্যরা জানিয়েছেন, নাটোরে এটি প্রথম ‘জনতার বাজার’। বুধবার (২৩ অক্টোবর) থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। বর্তমান বাজারের অস্থিতিশীলতা লক্ষ্য করে কৃষকদের কাছ থেকে বিভিন্ন পণ্য ন্যায্যমূল্যে কিনে ভোক্তাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যেই এই বাজার চালু করা হয়েছে।

বাজার সপ্তাহে তিন দিন—বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—খোলা থাকবে। সকাল থেকে যতক্ষণ পণ্য থাকবে, কেনাবেচা চলবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রথম দিন বাজারে ছিল চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ এবং মৌসুমি শাকসবজি। এখানে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, ডিম প্রতি হালি ৪৯ টাকায়, আলু প্রতি কেজি ৫৪ টাকায়, পেঁয়াজ ১৩০ টাকায় এবং বেগুন ৫৫ টাকায়।

আয়োজকরা জানান, প্রথম দিন বাজারে লক্ষাধিক টাকার পণ্য আনা হয়েছিল এবং দুই শতাধিক ক্রেতা এখানে কেনাকাটা করেছেন। ন্যায্যমূল্য হওয়ায় ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার আরও বেশি পণ্য বাজারে আনা হবে, যাতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়।

বাজারে বিক্রির কাজের জন্য কমিটির সদস্যদের নিয়ে কয়েকটি দল গঠন করা হয়েছে, যারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। এছাড়া, গ্রাম থেকে সরাসরি পণ্য কিনে ‘জনতার বাজারে’ পাঠানোর কাজও করা হচ্ছে।

বুধবার সকালে ‘জনতার বাজারে’ গিয়ে দেখা গেছে, নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা পণ্য বিক্রি করছেন। খোলা বাজারের তুলনায় দাম কম হওয়ায় ক্রেতারা ভিড় করেছেন। সবজি কিনতে আসা রিকশাচালক নজরুল ইসলাম বলছেন, বাজারে পণ্যের দাম অত্যধিক বৃদ্ধি পেয়েছে, তবে এখানে আসার পর তিনি সস্তায় কিছু সবজি কিনতে পেরেছেন।

নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব শেখ রিফাদ মাহমুদ জানান, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করেছেন। বাজারে সিন্ডিকেটের কারণে পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কৃষকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সরাসরি ক্রয় করলে দাম ৫ থেকে ২০ টাকা কমে যাবে। এ কারণেই ‘জনতার বাজার’ প্রতিষ্ঠা করেছেন, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ