ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল হক শুভ (২৫) কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুভ আশুগঞ্জ উপজেলার আনিসুল হকের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন শুভ। এ ঘটনায় তার বিরুদ্ধে ২১ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া, ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায়ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তালশহর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


