বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতি হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, বাংলা একাডেমি আইন অনুযায়ী, আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো।
আবুল কাসেম ফজলুল হক বর্তমানে সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি সেলিনা হোসেন সভাপতি পদে দায়িত্ব নিলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গত ১৭ অক্টোবর পদত্যাগ করেন।
৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে চার দশক ধরে অধ্যাপনা করেছেন। তিনি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিতে ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’র আহ্বায়ক হিসেবেও কাজ করছেন।
এ বিষয়ে আবুল কাসেম ফজলুল হক জানান, এখনো তিনি আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি। তবে যারা তাকে এই পদে মনোনীত করেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেওয়া আবুল কাসেম ফজলুল হক ময়মনসিংহ জিলা স্কুল ও আনন্দমোহন কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার লেখা প্রায় ২১টি বই প্রকাশিত হয়েছে।


