বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে দেশে বিভিন্ন ধরনের সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। তিনি সতর্ক করেছেন, যেন এই সংকটকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদের সহযোগীরা সুযোগ নিতে না পারে।
রোববার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় সালাহ উদ্দিন আহমদ এই মন্তব্য করেন। তিনি বলেন, “আজকে বিভিন্ন ধরনের সাংবিধানিক, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। এই সংকটের পেছনে কোন শক্তি কাজ করছে, তা বিশ্লেষণ করতে হবে। ফলাফল কী হতে পারে, তা নিয়েও চিন্তা করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, যেন কোনো ধরনের রাষ্ট্রীয় বা সাংবিধানিক সংকট না হয়। যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি এই সংকটের সুযোগ না নিতে পারে, সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।”
সালাহ উদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জনতার দাবি হয়ে উঠেছে। ছাত্রলীগকে ইতোমধ্যেই সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে। মানুষ এর প্রশংসা করেছে। এখন প্রশ্ন উঠছে, গণহত্যায় জড়িত থাকার পর আওয়ামী লীগ কি রাজনীতি চালিয়ে যাওয়ার অধিকার রাখে? এর বিচার জনগণের আদালতেই হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “ট্রাইব্যুনালে একটি সংশোধনী আনার প্রস্তাব এসেছে যে যদি কোনো রাজনৈতিক দল গণহত্যার সঙ্গে জড়িত থাকে, তবে সেই দলের বিচার করা হবে। আইন পাশ হলে এবং বিচারে তারা দোষী প্রমাণিত হলে, তার ফলাফল কী হবে, তা তখন দেখা যাবে। তবে প্রশাসনিকভাবে বা ব্যক্তিগত ইচ্ছায় কোনো দলকে নিষিদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়।”


