ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্তের জন্য জাতীয় কমিটি গঠনের বিষয়ে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের আবেদনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে।
আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত রিটকারিকে ১০ দিনের মধ্যে তার আবেদনের বিষয়ে জানাতে বলেছে।
এর আগে, সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই করা হবে এবং শীঘ্রই তদন্ত দল গঠন করা হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন, যা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বদলে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ বা বিজিবি করা হয় এবং পোশাকে পরিবর্তন আনা হয়।
বিদ্রোহের বিচারের জন্য বিজিবির আদালতে বিচারের পাশাপাশি হত্যাকাণ্ডের মামলা প্রচলিত আদালতে আসে। হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের হয়। হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচার সম্পন্ন হয়, যেখানে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন, এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন।
পরে, ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায় হয়। এতে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়, এবং ২৮৩ জনকে খালাস দেয়া হয়।


