29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

আমদানি সামান্য হলেও জুয়েলারি স্বর্ণে ভরপুর – এনবিআর চেয়ারম্যান

advertisment
- Advertisement -spot_img

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং আইআরডি সচিব মো. আবদুর রহমান খান সম্প্রতি জানিয়েছেন, দেশে আমদানিকৃত স্বর্ণের পরিমাণ খুবই কম। পরিসংখ্যান অনুযায়ী, সামান্য পরিমাণ স্বর্ণ আমদানি হচ্ছে, অথচ দেশের জুয়েলারি বাজারে প্রচুর পরিমাণে স্বর্ণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, “এ বিষয়ে জাতি যদি প্রশ্ন করে, আমাদের উত্তর দিতে কষ্ট হবে।”

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বণিক বার্তা আয়োজিত এ সম্মেলনের বিষয় ছিল, “বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়।”

এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা নতুন বাংলাদেশের পথে এগোচ্ছি এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে নীতি নির্ধারণ করছি। এর ফলে গত তিন মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর ও শুল্কে অনেক ছাড় দেওয়া হয়েছে। যদিও এতে রাজস্ব কমেছে, তবুও জাতীয় স্বার্থই আমাদের কাছে প্রধান। তবে এখনও দেশে মিথ্যা হলফনামা ও সম্পদের প্রকৃত তথ্য গোপনের প্রবণতা রয়ে গেছে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “জমি কেনাবেচার সময় মিথ্যা হলফনামা দিতে হয়, যার কারণে প্রকৃত লেনদেন রেকর্ডে আসে না। এ ধরনের প্রবণতা আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আমদানির তথ্যে স্বর্ণের পরিমাণ কম থাকলেও জুয়েলারি খাতে প্রচুর স্বর্ণ দেখা যায়, যা প্রকৃত তথ্যের অভাবের ইঙ্গিত দেয়। আমরা বৈষম্যমূলক আইন সংস্কারের মাধ্যমে এমন অনিয়ম দূর করতে চাই।”

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়াও দেশের শীর্ষ অর্থনীতিবিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ব্যাংক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রায় চার শতাধিক অতিথি এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ