শরীয়তপুরের ডামুড্যাতে একটি সড়কের পাশে ১০টি ব্যাগে ১২৩টি ককটেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ ককটেলগুলো উদ্ধার করে একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করে।
এর আগে, সকালে স্থানীয়রা উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকার একটি রাস্তার পাশে ১০টি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে কয়েকটি ব্যাগে বোমার মতো কিছু বস্তু দেখতে পেয়ে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা প্রথমে দেখতে পায় যে, রাস্তার পাশে ৪টি স্থানে কালো রঙের ১০টি ব্যাগ পড়ে রয়েছে। এর মধ্যে একটি ব্যাগে বোমার মতো বস্তু থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। এরপর, সন্ধ্যায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ডামুড্যা থানার সাব-ইন্সপেক্টর ইয়ার হোসেন জানান, সকাল ৯টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেন।
ভেদরগঞ্জ সার্কেল পুলিশের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, “এটি একটি পরিকল্পিত কাজ হতে পারে, যেখানে দুস্কৃতিরা কালো ব্যাগে ককটেল রেখে গেছে। খবর পাওয়ার পর আমি এবং ডামুড্যা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করি। তদন্ত চলছে, এবং আমরা দুষ্কৃতকারীদের উদ্দেশ্য জানার জন্য আইনানুগ ব্যবস্থা নেব।”


