ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ সময় ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা এবং ২ হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ অধিদফতর।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অংশ নেয়।
অভিযানের খবর পেয়ে কারখানায় তালা ঝুলিয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে অভিযান পরিচালনাকারী দল কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করে।
পলিথিন বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


