উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, “আমি নিজেও মধ্যবিত্ত, বাজার করি এবং এখনো চাপ অনুভব করছি। শীতকালীন সবজি অকাল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আশা করছি শিগগিরই সেগুলো বাজারে উঠবে। এছাড়া, শীতকালে বদ্ধ জলাশয়গুলো থেকে মাছ সংগ্রহ বাড়বে, এতে ডিম ও মুরগির দাম কিছুটা কমতে পারে। তাই সব কিছু মিলিয়ে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।”
খাদ্য উপদেষ্টা আরও বলেন, “গত সপ্তাহে চালের দাম কিছুটা বেড়েছিল, তবে এখন তা স্থিতিশীল রয়েছে। আমি আশা করছি, আমন ধান বাজারে আসা শুরু করলে চালের দাম কিছুটা কমবে। তবে কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, সেই বিষয়েও সরকারের মনোযোগী হতে হবে। বর্তমানে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে গেছে, তাই তাদের উৎসাহিত রাখার জন্য সরকারের পদক্ষেপ জরুরি।”
তিনি বলেন, “আমন ধানের দাম আগের বছরের তুলনায় কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে, এবং চালের দামও কিছুটা বাড়ানো হয়েছে।”


