33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হবে আমাদের ব্যর্থতা-তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কাজ হয়তো সবার কাছে সফল মনে নাও হতে পারে, কিন্তু এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সকলের ব্যর্থতা, বিশেষত গণতন্ত্রপ্রিয় এবং স্বাধীনতাকামী মানুষের ব্যর্থতা। তিনি আরও বলেন, যে চেষ্টা চলছে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার, তা মূলত পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক ও তার সহযোগীদের। তারা যদি এই সরকারকে ব্যর্থ করতে পারে, তবে তা গণতন্ত্রের ব্যর্থতা হবে এবং বাংলাদেশের কোটি কোটি গণতন্ত্রপ্রিয় মানুষ যারা স্বাধীনভাবে চর্চা করতে চায়, তাদেরও ব্যর্থ করা হবে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্তে মনে হচ্ছে তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। বরং তারা যা মনে করছে, সেই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।”

এছাড়া তিনি বলেন, যদিও সরকারের কার্যক্রমে অনেক অপ্রাপ্তি রয়েছে, তবুও জনগণ এখনও এই সরকারের প্রতি আস্থা রাখছে। “তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে,”—বললেন তিনি, “সরকার কি সত্যিই জনগণের আস্থা অর্জন করতে চায়? যদি জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক শক্তিশালী হয়, তবে ষড়যন্ত্রকারীরা তাদের কুটিল ষড়যন্ত্রে সফল হতে পারবে না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নব-নির্বাচিত সভাপতি ফখরুল আলমসহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ