শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যমগুলো চিহ্নিত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গত জুলাইয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে যেসব গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে, সেগুলো নির্ধারণ করা হবে।
বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কালে কোন কোন গণমাধ্যম শিক্ষার্থীদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করেছে এবং কারা ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে, তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, “গত ১৬ বছরে গণমাধ্যমে কার কী ভূমিকা ছিল, তা নিয়ে গবেষণা প্রয়োজন। একইসঙ্গে, নির্বাচনের বৈধতা প্রতিষ্ঠায় কোন গণমাধ্যম কী ভূমিকা রেখেছে, তা বিশ্লেষণ করতে হবে।”
শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সের ভিত্তিতে সাংবাদিকদের ভূমিকা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান শফিকুল আলম। সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


