33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

আন্দোলন নিরসনে আমরা আগের সরকারের মতো কঠোর হতে চাই না -স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে সরকার কঠোর নীতি গ্রহণ করতে চায় না। তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা রাস্তা অবরোধ বা সহিংস আন্দোলনের পথ না বেছে নেয়। বরং তাদের দাবিগুলো আলোচনার মাধ্যমে তুলে ধরুক।”

মঙ্গলবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এজন্য শিক্ষক ও প্রশাসন আছেন। তিনি জানান, “কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে পারে কিংবা প্রতিনিধি পাঠিয়ে আলোচনায় অংশ নিতে পারে।”

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “যারা আন্দোলন করছে, তারা আমার ভাই। তাদের ওপর কঠোর হওয়ার প্রশ্নই আসে না। আমরা আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে চাই।”

এসময় হাওরের কৃষি বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সেটি নিশ্চিত করা জরুরি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে প্রশাসন সতর্ক থাকবে।”

অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের লাখো মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। অকাল বন্যা থেকে ফসল রক্ষায় বাঁধ নির্মাণের কাজ যথাসময়ে শুরু ও শেষ করতে হবে।” তিনি আরও বলেন, পরিবেশবান্ধব পর্যটন ব্যবসা গড়ে তোলার পাশাপাশি স্থানীয়দের পরিবেশ সচেতন করাও জরুরি।

এই পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ