বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ভারতীয় উপকূলে আঘাত হানতে চলেছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর করাইকৈল এবং মামাল্লাপূরমের মাঝামাঝি উপকূল দিয়ে অতিক্রম করবে। এতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে এবং ঝড়ো বাতাসের গতি ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এই কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় ট্রেন চলাচলও সীমিত করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকা দিয়ে চলাচল করা ট্রেনগুলো বাতিল করা হয়েছে।
আবহাওয়া বিভাগের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপূরম, কাল্লাকুরিচি এবং কুদাল্লুরে ভারী বৃষ্টিপাত হবে। চেন্নাই বিমানবন্দরে আজ সন্ধ্যা পর্যন্ত সকল ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।
গতকাল শুক্রবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং এর নাম রাখা হয় ফিনজাল, যা সৌদি আরব প্রস্তাব করেছে। ফিনজাল একটি আরবি শব্দ, যার মানে ‘ঝড়’ বা ‘বিপদ’।
বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর জন্য দেশগুলো পূর্বেই নাম ঠিক করে থাকে। বাংলাদেশ, ভারত, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং মিয়ানমারসহ অন্যান্য দেশগুলোর সহায়তায় এই নামগুলো দেওয়া হয়। একবার একটি নাম ব্যবহৃত হলে, তা আর পুনরায় ব্যবহার করা হয় না।


