35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

জলবায়ু পরিবর্তন ও বছরজুড়ে ডেঙ্গুর প্রকোপ, বিশেষজ্ঞদের উদ্বেগ

advertisment
- Advertisement -spot_img

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু সংক্রমণ এখন আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। শীত-গ্রীষ্ম নির্বিশেষে সারাবছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে কার্যকর সমন্বিত উদ্যোগের অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে।

রোববার (১ ডিসেম্বর), রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি এম এ মুবিন খান জানান, ডেঙ্গুর প্রকোপ এ বছরও বছরজুড়ে অব্যাহত। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ। ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’-এর কারণে মৃত্যুহারও বেড়েছে।

তিনি আরও বলেন, সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে এডিস মশার প্রজনন সারা বছরজুড়ে হচ্ছে, যা সংক্রমণকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০,৭৯৪ জন, মৃত্যুবরণ করেছেন ৪৮৫ জন। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর জোর দিচ্ছে।

বিপিএমসিএ সভাপতি উল্লেখ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল শহরগুলোর একটি হলো কলকাতা। সেখানকার পৌর কর্পোরেশন বছরজুড়ে নজরদারি চালিয়ে মশার প্রজননস্থল নির্মূল করতে কার্যকর উদ্যোগ নিয়েছে। প্রতিটি ওয়ার্ডে আলাদা কর্মী দল প্রচারণা চালায় এবং কোথাও পানি জমে কিনা তা নিশ্চিত করে। একই সঙ্গে প্রতিটি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এম এ মুবিন খান জানান, ডেঙ্গুর প্রকোপ বাড়লে প্রাইভেট মেডিকেল কলেজগুলো সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। একইসঙ্গে সরকারকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত থাকে।

ডেঙ্গু সংক্রমণ রোধে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণ জরুরি। শুধু মশা নিয়ন্ত্রণই নয়, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করাই এ সংকট সমাধানের মূল চাবিকাঠি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ