26.9 C
Dhaka
Friday, June 12, 2026

জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন – ডা. শফিকুর রহমান

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে স্বৈরাচারী সরকার জনগণের উপর নিপীড়ন চালিয়েছে। খুন, গুম এবং জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এ সময়ে দেশকে বৃহৎ এক কারাগারে পরিণত করা হয়েছিল। তবে আল্লাহর রহমতে দেশের মানুষ সেই জুলুম থেকে মুক্তি পেয়েছে।

রোববার খুলনার খানজাহান আলী থানায় জামায়াতের উদ্যোগে ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। তবে বিগত সময়ের সরকার দেশকে সংকটে ফেলে দিয়েছে। পরিবার, গোষ্ঠী এবং দলের স্বার্থকে জনগণের স্বার্থের ঊর্ধ্বে রেখে তারা জনগণের প্রতি জুলুম চালিয়েছে। তিনি বলেন, “এই দেশ কারও একার নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, দেশের কৃষি ও শিল্পখাতকে গুরুত্ব দিয়ে পরনির্ভরশীলতা থেকে মুক্ত হতে হবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও তাদের প্রভাব মেনে নেওয়া হবে না।

জামায়াতের আমির অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী ও বিডিআর ধ্বংস করেছে এবং জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে নিপীড়ন চালিয়েছে। তবে জনগণ তাদের জুলুমের জবাব গণআন্দোলনের মাধ্যমে দিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, এখনো স্বৈরাচারের দোসররা দেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্ত করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “এ অঞ্চলের প্রধান দুটি সমস্যা মিল ও বিল। আওয়ামী লীগ সরকারের সময়ে ২৬টি পাটকল বন্ধ হয়ে হাজারো শ্রমিক কর্মহীন হয়েছে। একইসঙ্গে বিভিন্ন জলাশয় দখল এবং স্লুইচগেট বন্ধ করে মানুষকে পানিবন্দি রাখা হয়েছে।”

জাতীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পর জামায়াতের প্রতিটি কর্মীকে জনগণের পাশে থেকে তাদের মুক্তির পথ দেখাতে হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ