জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত সাড়ে ১৫ বছর ধরে দেশের জনগণ একরকম জিম্মি পরিস্থিতিতে ছিল। এই সময়ে অসংখ্য মানুষ খুন ও গুম হয়েছে, নারীদের ইজ্জত ক্ষুন্ন হয়েছে, সম্পদ লুট হয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, এসব করেছে কি দেশের কৃষক বা শ্রমিকরা? বরং এসব করেছে সমাজের উচ্চস্তরের কিছু ব্যক্তি। তারা কখনোই জনগণের মাধ্যমে শাসক হিসেবে নির্বাচিত হয়নি, বরং নিজেদের হাতে ক্ষমতা তুলে নিয়েছে।
তিনি সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে একটি পথসভায় এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ইসলামের দৃষ্টিতে যদি আমরা সঠিকভাবে দেশ গড়ে তুলতে পারি, তাহলে এখানে কেউ ঘুষ, দুর্নীতি বা অন্যায়ের পথ অবলম্বন করবে না। কেউ নারীদের সম্মান হরণ করবে না এবং সমাজে কোন বৈষম্য থাকবে না। যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তবে আল্লাহর রহমত সেই সমাজে বর্ষিত হয়। তবে যেখানে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত থাকে এবং অন্যায় চুপচাপ মেনে নেয়, সেখানে আল্লাহ তার রহমত তুলে নেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, সাবেক জেলা আমির আবদুস সোবাহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন, পৌর নায়েবে আমির আঃ রহিম মোল্লা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্র শিবির সভাপতি সাইফ হাসান প্রমুখ।


