সরকার সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত থেকে ৯০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া এবং ৩০ হাজার টন ফসফেট সার। এ উদ্যোগের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৬৬ লাখ টাকা।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ১১তম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৩ কোটি ২৩ লাখ টাকা, যা প্রতি টনের জন্য ৩৪২.৩৩ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
কাতার এনার্জি মার্কেটিং থেকে ৬ষ্ঠ লটের ৩০ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ প্রক্রিয়ায় খরচ হবে ১৩৩ কোটি ৮ লাখ টাকা। প্রতি টনের মূল্য পড়বে ৩৬৯.৬৭ মার্কিন ডলার।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এই সার সরবরাহ করবে আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই। ফসফেট সার আমদানির জন্য মোট খরচ ধরা হয়েছে ৮২ কোটি ৬২ লাখ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ২২৯.৫০ মার্কিন ডলার।


