27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হবে

advertisment
- Advertisement -spot_img

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। বন্দরটির প্রথম পর্যায়ের কাজ শেষ হলে এর কার্যক্রম আরও গতিশীল করতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ গঠন করা হবে। এছাড়া, সমুদ্রবন্দরটির নির্মাণের মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) পুনর্গঠন করা হচ্ছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হবে।

এটি জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটি একাধিক ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর আর্থিক ও কারিগরি সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও জানান, মাতারবাড়ি সমুদ্রবন্দরটি দেশের আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। এই বন্দরটির কৌশলগত ও ভূ-রাজনৈতিক গুরুত্বও অপরিসীম, তাই এর নিরাপত্তা ইস্যু নিয়ে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।

উপদেষ্টা ড. সাখাওয়াত বলেন, মাতারবাড়ি বন্দর এলাকায় একটি আন্তর্জাতিক মানের ডক-ইয়ার্ড নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্পের জন্য সরকার ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ নিয়েছে, এবং এ বিষয়ে জাইকার কারিগরি সহায়তা প্রয়োজন।

এছাড়া, জাহাজভাঙ্গা শিল্পের পরিবেশগত মান যাচাইয়ের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে, যা সরেজমিন পরিদর্শন করে সরকারের কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেবে।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান ও বাংলাদেশের সম্পর্ক এক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। তিনি আশাবাদী যে, জাইকার সহযোগিতায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে জাপানের জাহাজভাঙ্গা শিল্পের উন্নয়নেও সহযোগিতা করতে আগ্রহী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ