জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘোষণা করেছে, বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ ও শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপানোর কাজ বন্ধ রাখা হবে।
এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ এখনো চলমান রয়েছে। এই কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে এগিয়ে নেওয়া সবার জাতীয় ও নৈতিক দায়িত্ব। সেই কারণে পাঠ্যপুস্তক সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত সহায়ক বই বা নোট-গাইড মুদ্রণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি নোট গাইড ব্যবসায়ীদের কাছে কীভাবে পৌঁছালো, তা খতিয়ে দেখতে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে এনসিটিবি। কমিটির নেতৃত্বে রয়েছেন এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবীর চৌধুরী। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া, সফটকপি সিডি প্রস্তুত এবং সরবরাহ কাজে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা যাচাইয়েরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।


