28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

চিন্ময় কৃষ্ণ সহ ৫০০ জনের বিরুদ্ধে হেফাজত ইসলামের সমর্থক হত্যাচেষ্টায় মামলা

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হেফাজত ইসলামের এক সমর্থকের উপর হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে প্রধান আসামি করে ১৬৪ জনের নাম উল্লেখ করে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে বাদী এনামুল হক এই মামলা দায়ের করেন। আদালত শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আদেশ অপেক্ষমান রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম জানান, ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে আসার সময় হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চিন্ময়ের অনুসারীদের দ্বারা হত্যাচেষ্টার শিকার হন। তার ডান হাত ভেঙে গেছে এবং মাথায় কিরিচের কোপ দেওয়া হয়। এ ঘটনার জন্য চিন্ময়কে প্রধান আসামি করে ১৬৪ জনের নামসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন এবং এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদন সূত্রে জানা যায়, এনামুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন সমর্থক। ২৬ নভেম্বর জমি রেজিস্ট্রির কাজে আদালতে আসার পর চিন্ময়ের অনুসারীরা তার ওপর হামলা করে। তারা ‘একটা দুইটা মুসলিম ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দিয়ে হামলা চালায়। বাদীর পরনে পাঞ্জাবি এবং টুপি ছিল, যেহেতু সে মুসলিম, তার ওপর হামলা করা হয়। হামলায় তার ডান হাতের আঘাতপ্রাপ্ত হন এবং মাথায় কিরিচ দিয়ে কোপ দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গত ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আটক হন এবং পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে তার জামিন নামঞ্জুর করা হয় এবং কারাগারে প্রিজন ভ্যানে পাঠানোর পর অনুসারীরা ভ্যান আটক করে বিক্ষোভ করে। তিন ঘণ্টা ধরে পুলিশের সাথে সংঘর্ষ হয়, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই ঘটনার পর এখন পর্যন্ত ৬টি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ